পাঁচবিবিতে খামারে আড়াই হাজার মুরগির মৃত্যু, দিশেহারা খামারি
মোস্তাকিন হোসেন (পাঁচবিবি, জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ও হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় একটি পোল্ট্রি খামারে আড়াই হাজারের বেশি ব্রয়লার মুরগি মারা গেছে।
উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর আদিবাসীপাড়ায় ‘এ অ্যান্ড এম পোল্ট্রি খামার’-এ এই ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন খামার মালিক রাজ খান।
বুধবার (১১ নভেম্বর) খামার মালিক রাজ খান জানান, ছোট-বড় তিনটি শেডে তিনি এবার মোট ৫ হাজার ব্রয়লার মুরগির বাচ্চা তুলেছিলেন। কিন্তু বিভিন্ন রোগের পাশাপাশি দুদিন আগে হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় ২২ দিন বয়সী আড়াই হাজারের বেশি মুরগি মারা যায়।
মারা যাওয়া প্রতিটি মুরগির ওজন প্রায় ১ কেজি ২০০ গ্রাম পর্যন্ত হয়েছিল। বিক্রির উপযোগী হওয়ার আগেই একসঙ্গে এতগুলো মুরগি মারা যাওয়ায় প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তিনি বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন বলে দাবি করেন।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী বলেন, মুরগি মারা যাওয়ার বিষয়টি খামারি এখন পর্যন্ত প্রাণিসম্পদ কার্যালয়কে অবহিত করেননি। ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হলে মুরগি মারা যাওয়ার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, পাঁচবিবি উপজেলায় ছোট-বড় মিলিয়ে ১ হাজার ৩০০টির বেশি মুরগির খামার রয়েছে এবং এসব খামারে প্রাণিসম্পদ কার্যালয়ের পক্ষ থেকে নিয়মিত সেবা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
এআইএল/সকালবেলা