ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
সামজাদ জসি (সিনিয়র স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘরে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে এই সংঘাতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ এবং একই গ্রামের বাসিন্দা আক্তার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সম্পর্কে তাঁরা দুজন নিকটাত্মীয়। এই বিরোধের জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সহিংসতায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় প্রতিপক্ষের একাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, এনাম খাঁ ও আক্তার হোসেনের মধ্যে পারিবারিক ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। এরই জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এআইএল/সকালবেলা