২০৩০ সালের মধ্যে খুলনায় ভোলার গ্যাস আসবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ণ
২০৩০ সালের মধ্যে খুলনায় ভোলার গ্যাস আসবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: গ্যাস ও নিরবচ্ছিন্ন জ্বালানির সংকটের কারণে দীর্ঘদিন ধরে শিল্পায়নে পিছিয়ে থাকা খুলনা অঞ্চলে বড় সুসংবাদ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, আগামী ২০৩০ সালের মধ্যে পাইপলাইনের মাধ্যমে ভোলার গ্যাস খুলনায় আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। পাশাপাশি এলএনজি টার্মিনাল স্থাপন এবং জ্বালানি স্বল্পতায় বন্ধ বা অলস পড়ে থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একসময় খুলনার পাটকলগুলো দেশীয় অর্থনীতিতে গৌরবোজ্জ্বল অবদান রাখলেও গ্যাস ও জ্বালানি সংকটের কারণে তা আজ স্থবির। খালিশপুর, দৌলতপুর ও মোংলাসহ তৎসংলগ্ন এলাকায় শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা থাকলেও জ্বালানি সরবরাহের অভাবে তা পুরোপুরি বিকশিত হচ্ছে না। মোংলা ও যশোরের অভয়নগরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নেও গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, ভোলা থেকে পাইপলাইনে গ্যাস আনার পাশাপাশি এলএনজি টার্মিনাল চালুর সম্ভাব্যতা যাচাই চলছে। এই উদ্যোগের পেছনের অনুপ্রেরণা হিসেবে তিনি ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খুলনা বিভাগে গ্যাস সংযোগ দেওয়ার দূরদর্শী পরিকল্পনার কথা স্মরণ করেন।

বিদ্যুৎ খাতের স্থবিরতা কাটার আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী জানান, রূপসার ৮৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রসহ খুলনার প্রায় ১ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার বন্ধ ও অলস কেন্দ্রগুলো চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে মোংলা, খালিশপুর, দৌলতপুর, অভয়নগর ও ভৈরববাজারের বিদ্যুৎকেন্দ্রগুলো সচল করতেও সরকার কাজ করছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবনী বিভিন্ন প্রকল্পের ভূয়সী প্রশংসা করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, লবণসহিষ্ণু ধান চাষ, বন্যার আগাম সতর্কবার্তা, বায়োমাস থেকে জ্বালানি তৈরি, আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ এবং গবাদিপশুর রোগ শনাক্তকরণে শিক্ষার্থীদের এসব উদ্যোগ বাস্তব জীবনে দারুণ সমাধান বয়ে আনবে। মানুষের জীবনযাত্রার মান পরিবর্তনে সক্ষম এসব উদ্ভাবনের বাস্তবিক প্রয়োগ নিশ্চিত করতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক ও কর্মকর্তারা।

এআইএল/সকালবেলা