সহকর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ণ
সহকর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: রাজশাহীর তানোরে এক তরুণী সহকর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত নেতার নাম পলাশ আলী (৩০)। তিনি দলটির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার প্রাণপুর গ্রামের বাসিন্দা।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এই আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরি করেন। তাঁরই এক সহকর্মী তরুণী তাঁর বিরুদ্ধে এই ধর্ষণচেষ্টার অভিযোগ এনেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ওই তরুণী কিস্তির টাকা আদায় শেষে কর্মস্থল থেকে ফিরছিলেন। ওই সময় পলাশ তাঁকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান।

এদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এনসিপির তানোর উপজেলা শাখা। দলটির উপজেলা সেক্রেটারি মোরশেদ আলী দাবি করেছেন, এটি একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা। তাঁর ভাষ্যমতে, এনসিপিতে যোগদানের আগে পলাশ ওই সংস্থায় কাজ করতেন। সেখানকার পুরোনো কোনো বিরোধ বা ক্ষোভের জেরে তাঁকে পরিকল্পিতভাবে এই মামলায় ফাঁসানো হয়েছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে এনসিপির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক নাহিদুল ইসলাম বলেন, তানোর উপজেলার কমিটি সম্পর্কে তাঁর বিস্তারিত জানা নেই। তবে ঘটনাটি জানার পর তিনি স্থানীয় দায়িত্বশীল নেতাদের বিষয়টি অবহিত করেছেন। তারা প্রকৃত ঘটনা জানিয়েছেন এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এআইএল/সকালবেলা