জোহানেসবার্গ টেস্টে থাকছেন না নরকিয়া

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
জোহানেসবার্গ টেস্টে থাকছেন না নরকিয়া

অনলাইন ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অর্থাৎ জোহানেসবার্গ টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার অ্যানরিখ নরকিয়া। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টে কুঁচকির চোটে পড়েছিলেন এই গতি তারকা। চোট পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জোহানেসবার্গ টেস্টে মাঠে নামা হচ্ছে না তার।

দীর্ঘদিন পর অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে সাদা পোশাকের লাল বলের টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন অ্যানরিখ নরকিয়া। ডারবানে প্রথম টেস্টের একাদশে থাকার পর গেবারহাতে দ্বিতীয় টেস্টেও তাকে একাদশে রাখে দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৩.৩ ওভার বল করেই মাঠ ছেড়ে যান তিনি। এরপর আর সেই ম্যাচে খেলা হয়নি তার এবং কুঁচকির চোটের কারণে সিরিজ নির্ধারণী কেপটাউন টেস্ট থেকেও ছিটকে যান।

বাংলাদেশ সিরিজের স্কোয়াডে রাখা হলেও প্রথম টেস্টে নরকিয়ার না খেলার বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন প্রোটিয়াদের প্রধান কোচ শুকরি কনরাদ।

চোটের সর্বশেষ অবস্থা জানিয়ে কনরাদ বলেন, “টেস্ট চলাকালে সে সেন্ট জর্জেসে স্ক্যান করিয়েছিল। তাতে উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি। শুরুতে যতটা গুরুতর ধারণা করা হয়েছিল, চোট ততটা খারাপ ছিল না। বিশেষ কোনো চিকিৎসারও প্রয়োজন হয়নি। শুধু কিছুদিন বিশ্রাম এবং এরপর পুনর্বাসন প্রক্রিয়া। এখানকার টেস্টগুলোর যেকোনো একটিতে, বিশেষ করে দ্বিতীয় টেস্টে, তাকে পাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে।”

কোচ আরও যোগ করেন, “চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে তার কোনো সমস্যা ছিল না এবং সে ভালোভাবেই সেরে উঠেছে। যথেষ্ট আগেই অনুশীলন শুরু করেছে। এখন ধীরে ধীরে অনুশীলনের চাপ বাড়াচ্ছে। দ্বিতীয় টেস্টের মধ্যে তার খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে ওঠার কথা।”

উল্লেখ্য, আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গ টেস্ট দিয়ে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের সিরিজ শুরু হবে। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে।