আইপিএলের মিনি নিলামে নাম দিলেন মুস্তাফিজ

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
আইপিএলের মিনি নিলামে নাম দিলেন মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদকঃ আইপিএলের প্রতি আকর্ষণ বা মোহ একটুও কমেনি তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। ভারতের এই কোটি টাকার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে খেলার জন্য আসন্ন মিনি নিলামে নিজের নাম নিবন্ধন করেছেন এই বাঁহাতি পেসার। শুধু মুস্তাফিজ একা নন, তাঁর সঙ্গে মিনি নিলামে নাম তুলেছেন বাংলাদেশের আরও পাঁচ উদীয়মান ও পরীক্ষিত ক্রিকেটার—তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তাওহীদ হৃদয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাধ্যমেই এই ছয় ক্রিকেটারের নাম আনুষ্ঠানিকভাবে আইপিএল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত আসরে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) খেলার কথা ছিল মুস্তাফিজের। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েন এবং নিরাপত্তার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে টাইগার পেসারকে দল থেকে বাদ দেয় কেকেআর। এমনকি সে সময় বিষয়টি নিয়ে দুই দেশের রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা হয়েছিল। শিবসেনাদের হুমকির মুখে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর বাধ্য হয়ে মুস্তাফিজকে বাদ দেয়ায় রাজনীতির বলি হয়ে বড় অঙ্কের অর্থ আয়ের সুযোগ হারিয়েছিলেন তিনি।

তবে সেই তিক্ততা পেছনে ফেলে মুস্তাফিজ এবার আবারও আইপিএলে খেলার প্রবল আগ্রহ প্রকাশ করেছেন। শুধু আইপিএলই নয়, বিগ ব্যাশ ও আইএল টি২০ টুর্নামেন্টেও খেলার জন্য ছাড়পত্র চেয়েছেন তিনি।

বিসিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আসন্ন মিনি নিলামে অংশগ্রহণ করতে আগ্রহী ক্রিকেটারদের তালিকা চেয়ে ইমেইল করেছিল আইপিএল কর্তৃপক্ষ। এরপর ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে আগ্রহী ক্রিকেটারদের নাম ও পছন্দের স্ল্যাবসহ ফিরতি মেইল পাঠানো হয়। পরবর্তীতে ক্রিকেটাররা নিজেরাই নিবন্ধনের বাকি প্রক্রিয়া সম্পন্ন করেন। আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের মিনি নিলামে এই বাংলাদেশি ক্রিকেটারদের নাম তোলা হতে পারে। বিসিবি কর্মকর্তাদের দৃঢ় প্রত্যাশা, এবার একাধিক বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে দল পাওয়ার সুযোগ পাবেন।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সবচেয়ে সফল ও দীর্ঘসময় ধরে খেলা ক্রিকেটার হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যিনি মোট ৯টি আসরে খেলেছেন। অন্যদিকে, ২০১৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন আসরে মোট ৮টি টুর্নামেন্টে খেলেছেন মুস্তাফিজুর রহমান। নিজের অভিষেক আসরেই দুর্দান্ত পারফর্ম করে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন তিনি, যা এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে বিরল এক রেকর্ড। গত আট আসরে ৬০টি ম্যাচ খেলে ৮.১৩ ইকোনমিতে ৬৫টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।

সাকিব ও মুস্তাফিজ ছাড়াও এর আগে আইপিএলে দল পেয়েছিলেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক (২০০৮), মাশরাফি বিন মুর্তজা (২০০৯), মোহাম্মদ আশরাফুল (২০০৯), তামিম ইকবাল (২০১২) ও লিটন কুমার দাস (২০২৩)।

আইপিএলের বর্তমান নিয়ম অনুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার নিয়ে দল গঠন করতে পারে, যার মধ্যে বিদেশি খেলোয়াড় থাকতে পারে সর্বোচ্চ আটজন। ২০২৭ সালের আসরের জন্য প্রতিটি দল খেলোয়াড় কেনাকাটায় মোট ১৫৭ কোটি রুপি খরচ করতে পারবে। মেগা নিলামের মতো পুরো দল এবার ঢেলে সাজানোর সুযোগ না থাকলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ছেড়ে দেওয়া শূন্যস্থান পূরণ করতেই মূলত এই মিনি নিলাম অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে পেসার তাসকিন আহমেদের প্রতি অতীতে দিল্লির ফ্র্যাঞ্চাইজির আগ্রহ থাকলেও বিসিবি সে সময় ছাড়পত্র দেয়নি; তবে বর্তমান পরিস্থিতিতে দল পেলে এবার তাঁদের গ্রিন সিগন্যাল মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে।