১০-৩০ কাউন্টের সুতা আমদানি ইস্যুতে নতুন সিদ্ধান্ত নেয়নি সরকার

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
১০-৩০ কাউন্টের সুতা আমদানি ইস্যুতে নতুন সিদ্ধান্ত নেয়নি সরকার

অনলাইন ডেস্কঃ  ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা ইস্যু নিয়ে আপাতত নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। সংশ্লিষ্ট বিষয়টি বর্তমানে হাইকোর্ট বিভাগে বিচারাধীন থাকায় আদালতের আনুষ্ঠানিক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠকে সরকারের এই অবস্থান পরিষ্কার করা হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের নীতিিনির্ধারণী পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে অন্যান্যের মধ্যে অংশ নেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব।

এছাড়াও বৈঠকে উদ্যোক্তাদের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শামীম ইসলাম, নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান এবং তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমানসহ খাতসংশ্লিষ্ট শীর্ষ নেতৃবৃন্দ।

আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয় যে, ১০-৩০ কাউন্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রদানের বিরুদ্ধে আদালতে ইতোমধ্যে একটি রিট মামলা দায়ের করা হয়েছে। যেহেতু বিষয়টি বর্তমানে বিচারাধীন, তাই আদালতের চূড়ান্ত নিষ্পত্তির আগে ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানির বিধান নিয়ে নতুন কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া আইনগতভাবে সম্ভব নয়। তবে বৈঠকে উত্থাপিত ব্যবসায়ীদের অন্যান্য বিষয়গুলো সার্বিক দিক ও বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে বিবেচনা করা হবে।

গত ৭ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপন জারি করে বন্ড সুবিধায় ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানি পুরোপুরি বন্ধ করে দেয়। এনবিআরের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আসছে তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। তাদের জোরালো দাবি, বন্ড সুবিধা বন্ধ করার ফলে রপ্তানিমুখী পোশাকশিল্পের উৎপাদন খরচ বেড়ে গেছে এবং চরম সংকট তৈরি হয়েছে। অন্যদিকে, স্থানীয় স্পিনিং শিল্প সুরক্ষায় এ ধরনের সুতা আমদানিতে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে বিটিএমএ।

এই বহুমুখী বিরোধ নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার সব পক্ষকে নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। ওই বৈঠকে আগামী ২০ নভেম্বরের মধ্যে বিষয়টির একটি যৌক্তিক সুরাহা করতে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবারের আন্তঃমন্ত্রণালয় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিটিএমএর পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের প্রতিনিধিরা দেশের স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের সক্ষমতা, বিশাল বিনিয়োগ, কর্মসংস্থান এবং উৎপাদন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে তারা সব ধরনের সুতা ও কাপড় আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থায় আমদানির বিধান চালুর প্রস্তাব পেশ করেন।

অন্যদিকে, বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান সমকালকে বলেন, বন্ড সুবিধা চালু থাকার সুবাদেই বিগত বছরগুলোতে দেশে স্পিনিং শিল্পের ব্যাপক বিকাশ ঘটেছে। আগে যেখানে মাত্র তিন-চারটি স্পিনিং মিল ছিল, বর্তমানে তা বেড়ে ৪০০ থেকে ৫০০টিতে উন্নীত হয়েছে। অর্থাৎ বন্ড সুবিধার কারণে সামগ্রিক ব্যবসার ক্ষতি হয়, এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। তিনি মনে করেন, বন্ড ব্যবস্থায় যদি অপব্যবহার বা চুরির কোনো ঘটনা ঘটে থাকে, তবে তা রোধে কঠোর ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। কেবল অনিয়মের অভিযোগে পুরো বন্ড ব্যবস্থা বাতিল করে দেওয়া কোনো স্থায়ী সমাধান হতে পারে না।

ফজলে শামীম এহসান আরও বলেন, ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা বন্ধ রাখার সিদ্ধান্তের পর থেকেই স্থানীয় বাজারে সুতার দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বৈশ্বিক বাজারে সুতার দাম যে হারে বেড়েছে, তার চেয়ে স্থানীয় বাজারে বৃদ্ধির হার অনেক বেশি। তিনি দাবি করেন, এই সংক্রান্ত সার্কুলারটি মূলত ভুল তথ্যের ভিত্তিতে জারি করা হয়েছিল এবং পরবর্তীতে তা তিনবার সংশোধন করতে হয়েছে। যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন, তাই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। এ অবস্থায় ত্রুটিপূর্ণ সার্কুলারটি স্থগিত বা বাতিল করে পরবর্তীতে সব পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মত দেন তিনি।