শাপলা চত্বর মামলা: ট্রাইব্যুনালে হাজির ইনু, টুকু ও দীপু মনিসহ ১১ আসামি

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
শাপলা চত্বর মামলা: ট্রাইব্যুনালে হাজির ইনু, টুকু ও দীপু মনিসহ ১১ আসামি

অনলাইন ডেস্কঃ রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই মামলার মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার মোট ৪১ জন আসামির মধ্যে বর্তমানে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ট্রাইব্যুনালে হাজির করা এই আসামিরা হলেন—সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রূপা।

মামলার বাকি ৩০ আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ ওরফে এস এম জাহিদ এবং গণজাগরণ মঞ্চের সাবেক মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পলাতক সাবেক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন ও মনিরুল ইসলাম, সাবেক র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, সাবেক ডিআইজি মোহাম্মদ হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার ও সৈয়দ নুরুল ইসলাম এবং সাবেক পুলিশ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, আশরাফুজ্জামান, এস এম মেহেদী হাসান, মো. আসাদুজ্জামান ও এস এম শিবলী নোমান।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় এই মামলা করা হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে দুটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে এবং দ্বিতীয় অভিযোগে সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদনে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য উঠে এসেছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। পরবর্তীতে গত ১৬ সেপ্টেম্বর পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নির্ধারিত সময়েও তারা ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় তাদের পলাতক ঘোষণা করে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।