৮ মাসে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪৮টি শয্যা বেড়েছে
অনলাইন ডেস্ক : সাধারণ মানুষের জরুরি চিকিৎসাসেবা ও হাসপাতালে শয্যা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত আট মাসে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৮টি শয্যা বৃদ্ধি করেছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়াতে এই ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়।
গত ২৮ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত সংক্রান্ত দাপ্তরিক নথি বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
শয্যা বৃদ্ধির পাশাপাশি একই সময়ের মধ্যে গত ১৫ মে ও ১৪ জুন সরকার দেশে নতুন দুটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠারও অনুমোদন দিয়েছে। এর মধ্যে একটি স্থাপিত হবে ঠাকুরগাঁওয়ে এবং অন্যটি নরসিংদীতে।
বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে শয্যা বৃদ্ধির চিত্র নিচে তুলে ধরা হলো: শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (বগুড়া): গত ৮ সেপ্টেম্বর এক আদেশে এই হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০০ করা হয়েছে।
মুগদা ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল: গত ২১ মে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা বাড়িয়ে দ্বিগুণ (৫০০ থেকে ১ হাজার শয্যা) করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল: গত ১৩ জুলাই এক আদেশে এই হাসপাতালের শয্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৩০০ করা হয়। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল: রাজধানীর এই বিশেষায়িত হাসপাতালের শয্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ করা হয়েছে। জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউট: তেজগাঁওয়ে অবস্থিত এই প্রতিষ্ঠানে ১১৫টি শয্যা বৃদ্ধি করে এর মোট সক্ষমতা ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।
গত ১৩ জুলাই রাজবাড়ী সদর হাসপাতালের শয্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ এবং জয়পুরহাট জেনারেল হাসপাতালের সক্ষমতা ২৫০ থেকে বাড়িয়ে ৪০০ শয্যায় উন্নীত করা হয়েছে। এছাড়া একই দিনে রাঙামাটি জেনারেল হাসপাতাল ১০০ থেকে ২৫০ শয্যা এবং লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হয়। জুন মাসে নরসিংদী জেলা হাসপাতালের শয্যাও ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে।
অন্যদিকে, কক্সবাজারের চকরিয়ায় ৫০টি ও পেকুয়ায় ১৯টি, কিশোরগঞ্জের ভৈরবে ৫০টি, বগুড়ার নন্দীগ্রামে ১৯টি (৩১ থেকে ৫০ শয্যা), রংপুরের তারাগঞ্জ, সিলেটের ওসমানীনগর, পাবনার আটঘরিয়া ও ফেনীর ফুলগাজীসহ ফেনীর আরেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি করে শয্যা বাড়ানো হয়েছে।
দেশজুড়ে প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে জুন মাসে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পরবর্তীতে ১২ আগস্ট সেই সিদ্ধান্ত সংশোধন করে পর্যায়ক্রমে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার নতুন ও বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম বলেন, "সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া মানুষের সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার মানুষকে মানসম্মত চিকিৎসাসেবা দিতে নিরলসভাবে চেষ্টা করছে। বিশেষ করে হাম-ডেঙ্গুর মতো মৌসুমি রোগের প্রকোপে হাসপাতালে এসে যাতে রোগীদের শয্যা পেতে কোনো সমস্যা না হয়, সেজন্য মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে ৩ হাজারের বেশি শয্যা বৃদ্ধি করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫১ শয্যায় প্রস্তুত হলে দেশের চিকিৎসা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন দেখা যাবে।"
সকালবেলা/ নুসরাত