ছয় মাসের মধ্যে আসছে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার: দেশের প্রায় ছয় কোটি নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব গ্রহণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী ছয় মাস আগের অংশীদারিত্বমূলক কাঠামোতেই নগর স্বাস্থ্যসেবার বিদ্যমান কেন্দ্রগুলো পরিচালিত হবে এবং এই সময়ের মধ্যে একটি টেকসই, ব্যয়সাশ্রয়ী ও বহুখাতভিত্তিক নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘নগর স্বাস্থ্য: বহুমুখী খাতের সম্পৃক্ততা বৃদ্ধি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুইডেন দূতাবাস ও ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক (বিইউএইচএন) এবং এমিনেন্স যৌথভাবে এই সভার আয়োজন করে।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সভিত্তিক নির্দিষ্ট নেটওয়ার্ক থাকলেও নগরের বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরাসরি কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছিল না। মূলত এই শূন্যতা পূরণে সরকার নগর স্বাস্থ্যসেবার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ রূপান্তরের আগ পর্যন্ত নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোর সেবা কোনোভাবেই যেন ব্যাহত না হয়, সে জন্য আগামী ছয় মাস আগের অংশীদারিত্বমূলক কাঠামোতেই কেন্দ্রগুলো সচল রাখা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক অনুমোদন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং নির্দিষ্ট এই সময়ের মধ্যেই একটি টেকসই নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে।
স্বাস্থ্য খাতের বাজেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এবারই স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে এবং আগামী পাঁচ বছরে জাতীয় বাজেটের অন্তত ৫ শতাংশ এই খাতে বরাদ্দের লক্ষ্য রয়েছে সরকারের।
নগর স্বাস্থ্যসেবাকে কেবল হাসপাতাল ও ওষুধের মধ্যে সীমাবদ্ধ না রাখার ওপর জোর দিয়ে ড. এম এ মুহিত বলেন, আবাসন, নিরাপদ পানি, পয়োনিষ্কাশন, কর্মসংস্থান, মানসিক স্বাস্থ্য এবং অসংক্রামক রোগ প্রতিরোধের বিষয়গুলোও নগর স্বাস্থ্য ব্যবস্থার অপরিহার্য অংশ। তাই গ্রামীণ মডেল অন্ধভাবে শহরে প্রয়োগ না করে নগরবাসীর প্রকৃত চাহিদা বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এ সময় তিনি নগরবাসীর জন্য ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড চালু এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ‘রেফারেল নেটওয়ার্ক’ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক, নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা, ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার ইমাদুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দেওয়ান এমদাদুল হক, বিশ্বব্যাংকের প্রতিনিধি ওয়ামেক রাজা এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক কাজী সাইফুদ্দিন বেননূরসহ দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এআইএল/সকালবেলা