কুমিল্লায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
হাবিবুর রহমান মুন্না (কুমিল্লা প্রতিনিধি): ‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে নগরীর কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল হাই স্কুল প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে র্যালি, হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধ এবং জনসাধারণের মধ্যে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রোজী আকতার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ ও পানি) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ, কুমিল্লা কবি নজরুল ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমিন এবং ডব্লিউএসইউপি-বাংলাদেশ (WSUP-Bangladesh)-এর প্রকল্প ব্যবস্থাপক মো. খোরশেদ।
এ ছাড়া অনুষ্ঠানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খান, কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও রোগমুক্ত জীবনযাপনে হাত ধোয়ার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবার গ্রহণের আগে, টয়লেট ব্যবহারের পর এবং প্রয়োজনীয় অন্যান্য সময়ে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ বিষয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
এআইএল/সকালবেলা