বড় সংকটে দেশের আবাসন খাত, অনিশ্চয়তার মুখে লাখো মানুষের কর্মসংস্থান
অনলাইন ডেস্ক ঃ ক্রেতার বিপুল চাহিদা থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে দেশের আবাসন ব্যবসায় বড় ধরনের মন্দা দেখা দিয়েছে। গত এক বছরে ফ্ল্যাট বিক্রি ও বুকিং কমেছে প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ। এর ফলে শুধু আবাসন প্রতিষ্ঠানগুলোই নয়, বরং নির্মাণসংশ্লিষ্ট বহু সহযোগী শিল্প এবং এই খাতের ওপর নির্ভরশীল লাখো মানুষের কর্মসংস্থানও গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে।
ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, রাজধানী ঢাকার প্রায় দুই কোটি মানুষের নিজস্ব কোনো বাসস্থান নেই। বিপুল এই চাহিদা থাকার পরও ফ্ল্যাট কেনাবেচায় এমন স্থবিরতা কেন তৈরি হলো, তা নিয়ে জনমনে ও অর্থনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আবাসিক ভবন ও জমির মূল্য ব্যাপকভাবে কমে যাওয়ার খবর ছড়ালেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিক্রির গতি উল্লেখযোগ্য হারে কমলেও নির্মাণব্যয় ও আনুষঙ্গিক অন্যান্য খরচের কারণে আবাসিক ইউনিটের দাম এখনো বেশ উঁচুতে রয়েছে।
আবাসন খাতের উদ্যোক্তারা বলছেন, বর্তমান এই সংকটের পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করছে। জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের সঞ্চয়ের পরিমাণ কমে গেছে। খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও বাসাভাড়ার মতো নিত্যপ্রয়োজনীয় নিয়মিত খরচ সামলাতেই হিমশিম খেতে হচ্ছে অনেক মধ্যবিত্ত পরিবারকে। ফলে দীর্ঘদিন ধরে ফ্ল্যাট কেনার জন্য অর্থ জমালেও অনেকেই এখন সেই পরিকল্পনা থেকে সরে আসছেন।
ক্রেতাদের সঞ্চয় হ্রাসের সঙ্গে যুক্ত হয়েছে গৃহঋণের উচ্চ সুদ। ঋণের মাসিক কিস্তি পরিশোধের অতিরিক্ত চাপ বিবেচনায় সম্ভাব্য ক্রেতাদের একটি বড় অংশ ব্যাংক থেকে বড় অঙ্কের অর্থ ধার নিতে চাইছেন না। অন্যদিকে নির্মাণসামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি প্রকল্প বাস্তবায়নকে অত্যন্ত ব্যয়বহুল করে তুলেছে।
ব্যবসায়ীদের হিসাবে, এক বছরে নির্মাণ উপকরণের খরচ বেড়েছে ৩১ শতাংশের বেশি। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সভাপতি ড. আলী আফজালের দাবি, সার্বিক নির্মাণ ব্যয় বৃদ্ধির হার প্রায় ৪৩ শতাংশ।
এর পাশাপাশি কর ও নিবন্ধন ব্যয়ও এ খাতের জন্য বাড়তি চাপ তৈরি করেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ফ্ল্যাটের সরকারি মূল্যের ওপর নতুন করে ১৫ শতাংশ মূলধনি মুনাফা কর আরোপ করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে নিবন্ধন খরচ মোট মূল্যের ১৩ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে। এসব বাড়তি কর ও নিবন্ধন ব্যয় কমানোর দাবি জানিয়ে আসছে রিহ্যাব।
উদ্যোক্তাদের দেওয়া তথ্যমতে, গত তিন বছরে আবাসিক ইউনিটের মূল্য সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। জমি, শ্রমিকের মজুরি, নির্মাণ উপকরণ ও অর্থায়নের ব্যয় না কমায় বিক্রি কমলেও প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাটের মূল্য সমন্বয় করতে পারছে না। ফলে বাজারে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে ক্রেতার আর্থিক সামর্থ্য ও ফ্ল্যাটের দামের মধ্যকার বিশাল ব্যবধান।
আবাসন খাতের এই স্থবিরতার নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়েছে নির্মাণসংশ্লিষ্ট অন্যান্য ব্যবসায়ও। রড, সিমেন্ট, সিরামিক, কাচ, অ্যালুমিনিয়াম, কাঠ ও বৈদ্যুতিক সরঞ্জামসহ ২৬৯টি সহযোগী শিল্প সরাসরি আবাসন খাতের ওপর নির্ভরশীল।
বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, রডের বিক্রি সর্বোচ্চ ৪৫ শতাংশ কমেছে। সিরামিক পণ্যের চাহিদা কমেছে ২০ থেকে ৩০ শতাংশ এবং বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষেত্রে এই পতন ৫০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।
রিহ্যাবের হিসাব বলছে, আবাসন ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পগুলোতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। ব্যবসার গতি কমে যাওয়ায় তাঁদের জীবিকা নিয়েও তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে ব্যাংকঋণ পরিশোধেও দেখা দিয়েছে জটিলতা। সংশ্লিষ্ট একটি প্রতিবেদনে আবাসন খাতের খেলাপি ঋণের হার প্রায় ২৭ শতাংশে পৌঁছানোর তথ্য উঠে এসেছে।
এদিকে নির্ধারিত সময়ে ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়া এবং কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ক্রেতাদের মধ্যে এক ধরনের আস্থার সংকটও তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাজার সচল করতে শুধু ঋণের সুদ কিংবা কর কমানোই যথেষ্ট নয়; আবাসন প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।
সংকট উত্তরণে ঢাকার বাইরে সাশ্রয়ী আবাসন গড়ে তোলা এবং যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন রিহ্যাবের সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক। অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকীর মতে, দীর্ঘদিন নির্মাণ ও বিক্রয় কার্যক্রম স্থবির থাকলে দেশের সামগ্রিক অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে। এ জন্য স্বল্প সুদের দীর্ঘমেয়াদি গৃহঋণ এবং বিশেষ অর্থায়ন তহবিল গঠনের প্রয়োজন রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, আবাসন বাজারের বর্তমান সংকটের মূল কারণ মূল্যপতন নয়, বরং ক্রেতার ক্রয়ক্ষমতা হ্রাস এবং বিক্রিতে স্থবিরতা। ঋণের সুদ, নির্মাণব্যয় ও করের চাপ কমানোর পাশাপাশি ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে না পারলে এই সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।