বিনামূল্যে মাদক দিয়ে শিক্ষার্থীদের আসক্ত করে পরে বিক্রি করা হতো: সংস্কৃতিমন্ত্রী
অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সরকারের আমলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রথমে বিনামূল্যে মাদক দিয়ে আসক্ত করে পরে তাদের কাছে তা বিক্রি করা হতো বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তাঁর দাবি, এভাবেই বিগত সরকারের সময়ে সারা দেশে মাদকের ব্যাপক বিস্তার ঘটানো হয়েছিল।
শুক্রবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে বিশিষ্ট ঔপন্যাসিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বিগত সরকার দেশের সংস্কৃতিকে ধ্বংস করে রেখে গেছে। ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র নির্মাণ করেছিল, অথচ বিগত সরকার এই স্মৃতিকেন্দ্রের কোনো উন্নয়ন করেনি। বর্তমান সরকারের পক্ষ থেকে এই স্মৃতিকেন্দ্রের সার্বিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
নিতাই রায় চৌধুরী বলেন, বিগত সরকারের সময়ে শিক্ষা ও সংস্কৃতির বিকাশে কার্যকর কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। বর্তমান সরকার সংস্কৃতির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে। খুব দ্রুত সময়ের মধ্যে দেশের বিভিন্ন জেলায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ও সার্কাস শিল্পের আয়োজন মানুষ দেখতে পাবে। এ ছাড়া রাজবাড়ীতে ঔপন্যাসিক মীর মশাররফ হোসেনের নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও সরকারের পরিকল্পনা রয়েছে।
জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ হারুন এবং বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।
এর আগে সকালে মীর মশাররফ হোসেনের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন, জেলা প্রশাসক আফরোজা পারভীনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৭৯তম জন্মবার্ষিকীর দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।