বাংলাদেশে মুক্তি পেল তুর্কি হরর সিনেমা ‘সয়’
বিনোদন প্রতিবেদক: তুর্কি টিভি সিরিজের ব্যাপক জনপ্রিয়তার পর আন্তর্জাতিক দর্শকদের মধ্যে দেশটির সিনেমা নিয়েও আগ্রহ দিন দিন বাড়ছে। নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আধুনিক নির্মাণশৈলীর মেলবন্ধন ঘটিয়ে তুর্কি নির্মাতারা এখন উপহার দিচ্ছেন ভিন্নধর্মী সব চলচ্চিত্র। প্রেম ও পারিবারিক সম্পর্কের গল্পের পাশাপাশি সাম্প্রতিক সময়ে মনস্তাত্ত্বিক ও অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা দিয়েও বিশ্বজুড়ে দর্শকদের আকৃষ্ট করছে তুরস্ক।
সেই ধারাবাহিকতায় এবার দেশের বড় পর্দায় প্রদর্শিত হচ্ছে তুরস্কের আলোচিত হরর সিনেমা ‘সয়’। আজ শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) থেকে দেশের জনপ্রিয় সিনেপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পেয়েছে।
অতিপ্রাকৃত হরর ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন ম্যাক্সিম আলেকজান্দ্রে। পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরের রহস্য, অশুভ শক্তি এবং একটি রহস্যময় প্রাসাদকে ঘিরে আবর্তিত হয়েছে এর টানটান উত্তেজনার গল্প।
সিনেমার পটভূমি শুরু হয় প্রায় ৬০ বছর আগের মিসরের একটি প্রাচীন সমাধি লুণ্ঠনের ঘটনা দিয়ে। সেখানে মুরাত নামের এক ব্যক্তি একটি প্রাচীন চিত্রকর্ম খুঁজে পান। কিন্তু সেটি আবিষ্কারের মাধ্যমেই অজান্তে এক ভয়ংকর অভিশাপের সূত্রপাত ঘটান তিনি। ওই অভিশাপের প্রভাবে পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ইস্তাম্বুলের একটি অন্ধকার প্রাসাদে বন্দিজীবন কাটাতে বাধ্য হন মুরাত।
বহু বছর পর মৃত্যুশয্যায় থাকা মুরাত তার নাতি ক্যানকে সেই রহস্যময় প্রাসাদে ডেকে পাঠান। দাদার ডাকে সাড়া দিয়ে প্রেমিকা বাসাক ও কয়েকজন বন্ধুকে নিয়ে সেখানে হাজির হয় ক্যান। কিন্তু প্রাসাদে পৌঁছানোর পরই পারিপার্শ্বিক পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে। ঘন কুয়াশা পুরো প্রাসাদকে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে এবং ধীরে ধীরে সামনে আসতে থাকে পরিবারের অতীতের অজানা ও ভয়ংকর সব অধ্যায়।
প্রাসাদের সঙ্গে জড়িয়ে থাকা প্রাচীন মিসরের অভিশাপ এবং অভিশপ্ত চিত্রকর্মের মাধ্যমে আবারও জেগে ওঠে অশুভ শক্তি। বন্ধুদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, বিশ্বাসঘাতকতা এবং একের পর এক অতিপ্রাকৃত আক্রমণে প্রেক্ষাগৃহে আতঙ্ক ও রোমাঞ্চ বাড়াতে থাকে। শেষ পর্যন্ত বাসাককে এমন এক কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যার ওপর নির্ভর করে পুরো পরিবারের ভবিষ্যৎ।
সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ হলো প্রাচীন মিসরের অভিশাপ এবং বংশপরম্পরায় বয়ে চলা অন্ধকার ইতিহাস। প্রচলিত জিনের ওপর ভিত্তি করে তৈরি তুর্কি হরর গল্পের ধারা থেকে বেরিয়ে প্রাচীন মিসরের অভিশাপ ও মনস্তাত্ত্বিক ভয়কে কেন্দ্র করে নির্মিত হওয়ায় ‘সয়’ সিনেমাটি দেশের দর্শকদের মাঝেও দারুণ কৌতূহল ও আগ্রহ তৈরি করেছে।