রাউজানে মসজিদের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানের ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিংগলা আবিদ আলী তালুকদার জামে মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর, সম্পত্তি আত্মসাৎ এবং মিথ্যা মামলা দিয়ে এলাকাবাসীকে হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় মসজিদসংলগ্ন সড়কে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সন্ত্রাসী ও ভূমিদস্যু বদিউল আলম তালুকদার ওরফে ঝাপ্টা বদি এবং তাঁর ভাই শফিউল আলম তালুকদার মসজিদ ও এর আশপাশের জায়গা অবৈধভাবে দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন। তাঁরা মসজিদের বাউন্ডারি ওয়াল ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন এবং এলাকার সাধারণ মানুষকে নানাভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন চালাচ্ছেন। অবিলম্বে এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান বক্তারা।
মসজিদ কমিটির সভাপতি নাছির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ সেলিম উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মসজিদ কমিটির সহসভাপতি কাজী জালাল আহম্মদ ও স্থানীয় বাসিন্দা বেবি আকতারসহ অন্যান্য এলাকাবাসী।
বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে মসজিদ ও এর সম্পত্তি জবরদখলকারী ঝাপ্টা বদির বিরুদ্ধে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
এআইএল/সকালবেলা