শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা জানিয়ে টিআরপি নিয়ে যা বললেন অনন্ত জলিল

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ণ
শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা জানিয়ে টিআরপি নিয়ে যা বললেন অনন্ত জলিল

বিনোদন প্রতিবেদক: ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের গুঞ্জন নিয়ে বেশ কয়েক দিন ধরেই ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা চলছে। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন ধরনের ট্রল ও কনটেন্ট প্রকাশ পাচ্ছে। এসবের মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করে একটি বিশেষ পোস্ট দিয়েছেন এই অভিনেতা।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আল্লাহর ওপর অটল বিশ্বাসের কথা তুলে ধরেন অনন্ত জলিল। পোস্টের শুরুতে পবিত্র কোরআনের সুরা ফাতিহার আয়াতের অংশ— ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতা’ঈন’ (অর্থাৎ, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করি’) উল্লেখ করেন তিনি। এরপর ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’ অর্থাৎ ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী’—কথাটি যোগ করেন।

পোস্টে অনন্ত জলিল জানান, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে তার জন্য দোয়া করেছেন, ইতিবাচক পোস্ট দিয়েছেন এবং ভালো ভিডিও প্রকাশ করেছেন, তাদের প্রতি তার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা রয়েছে।

তবে এর পাশাপাশি যারা কেবল ‘টিআরপির’ লোভে বা ভিউ পাওয়ার উদ্দেশ্যে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অসত্য বা নেতিবাচক কনটেন্ট তৈরি করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে ভিন্ন সুরে তিনি বলেন, “আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন, আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন।”

অনন্ত জলিলের এই ফেসবুক পোস্টটি এমন এক সময়ে এল, যখন তার ব্যবসাপ্রতিষ্ঠান ও কারখানাগুলোকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর খবর সামনে আসছে। সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে তার মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ের জন্য আইনি নোটিশ পাঠানোর খবর গণমাধ্যমে প্রকাশিত হয়।

এছাড়া তার কয়েকটি কারখানা বন্ধের পরিস্থিতি এবং সেখানে কর্মরত শত শত শ্রমিকের কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়েও ইন্ডাস্ট্রিতে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এসব প্রতিকূল পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দৃঢ় অবস্থান ও আধ্যাত্মিক বিশ্বাসের কথা তুলে ধরলেন জনপ্রিয় এই তারকা।