ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এসে শুকরিয়া আদায় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, “আজ বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। দেশের মানুষ গণতন্ত্রের অন্যতম শক্তি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত করেছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি।”
তিনি জানান, বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি এককভাবে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়েছে। এর বাইরে জোটের শরিকরাও বেশ কিছু আসনে জয় পেয়েছেন। জনগণের এই রায়কে স্বাগত জানিয়ে তিনি বলেন, “আগামী ৫ বছরের জন্য জনগণ বিএনপি এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমানকে দেশ গড়ার দায়িত্ব দিয়েছেন।”
ভোটের পরিবেশ নিয়ে নজরুল ইসলাম খান বলেন, “শতভাগ সন্তুষ্টি প্রকাশ করা কঠিন, তবে আগের নির্বাচনগুলোর তুলনায় এবার প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে। এটি একটি ইতিবাচক দিক। তবে দীর্ঘ সময় ধরে ভোট না দেওয়ার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তা থেকে মানুষ এখনো পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। ভোটার উপস্থিতি আরও বেশি হলে গণতন্ত্রের জন্য তা আরও ভালো হতো।”
নির্বাচনে বিএনপির জয় নিয়ে তিনি বলেন, “আমরা ২৯২টি আসনে প্রার্থী দিয়েছিলাম এবং আশা করেছিলাম সব আসনেই জিতব। রাজনীতিতে যারা সামান্য ভোট পান, তারাও জয়ের আশা করেন। তবে এবারের রায়ে আমরা সন্তুষ্ট এবং আশা করছি আগামী নির্বাচনে বিএনপি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।”
বক্তব্যের শেষে তিনি জানান, নির্বাচনের সার্বিক ফলাফল এবং পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত ব্রিফিং করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বিকালেই গুলশান কার্যালয় বা ভার্চুয়াল বার্তার মাধ্যমে তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার কথা রয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ