জোটের সমর্থনেও জমিয়তের ভরাডুবি: চার আসনেই হেভিওয়েট প্রার্থীদের পরাজয়

জোটের সমর্থনেও জমিয়তের ভরাডুবি: চার আসনেই হেভিওয়েট প্রার্থীদের পরাজয়

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের সমর্থন নিয়ে ‘খেজুরগাছ’ প্রতীকে লড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের চার হেভিওয়েট প্রার্থীর কেউই জয়ের মুখ দেখেননি। দলীয় প্রধান থেকে শুরু করে মহাসচিব—সবাইকে পরাজয় বরণ করতে হয়েছে বিএনপির বিদ্রোহী এবং জোটের অন্যান্য শরীক ও স্বতন্ত্র প্রার্থীদের কাছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে এই চিত্র ফুটে উঠেছে।

সবচেয়ে বড় ধাক্কা এসেছে সিলেট-৫ আসনে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক। হাড্ডাহাড্ডি লড়াই শেষে তিনি ১১-দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসানের কাছে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। মুফতি আবুল হাসান ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে ৭৯ হাজার ৩৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, খেজুরগাছ প্রতীকে মাওলানা উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা (হাঁস প্রতীক) বিশাল জয় পেয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তের সহ-সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিবকে ৩৭ হাজার ৫৬৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট, আর মাওলানা জুনাইদ আল হাবিব পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট।

অন্যদিকে, নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ‘শাপলা কলি’ প্রতীকে ১ লাখ ৪ হাজার ৪৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর কাছে পরাস্ত হয়েছেন জমিয়তের কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী, যিনি পেয়েছেন ৮০ হাজার ১৩৮ ভোট। এ ছাড়া নীলফামারী-১ আসনে জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ১ লাখ ৫০ হাজার ৮২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর কাছে ৩৬ হাজার ১০০ ভোটের ব্যবধানে হেরেছেন জমিয়তের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলীয় বিদ্রোহী প্রার্থী এবং জোটের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই জমিয়তের প্রার্থীরা এই ভরাডুবির শিকার হয়েছেন। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে স্বতন্ত্র ও ছোট দলগুলোর প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তা ধানের শীষের সমর্থিত জমিয়ত প্রার্থীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।


এম.এম/সকালবেলা

মন্তব্য করুন