যশোরে ৫ আসনে জামায়াত, একটিতে বিএনপি জয়ী

যশোরে ৫ আসনে জামায়াত, একটিতে বিএনপি জয়ী

আব্দুল্লাহ আল মামুন, যশোর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলায় বড় ধরনের রাজনৈতিক চমক সৃষ্টি হয়েছে। জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতেই বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন। অন্যদিকে, জেলা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই বেসরকারি ফলাফল নিশ্চিত করা হয়েছে।

যশোর-১ (শার্শা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আজিজুর রহমান বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে মোহাম্মদ মোসলেহ উদ্দিন জয়ী হয়ে চমক সৃষ্টি করেছেন। যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে অধ্যাপক গোলাম রসুল এবং যশোর-৫ (মণিরামপুর) আসনে গাজী এনামুল হক প্রতিদ্বন্দ্বীদের বড় ব্যবধানে পরাজিত করে জয় নিশ্চিত করেন। এছাড়া যশোর-৬ (কেশবপুর) আসনে অধ্যক্ষ মো. মোক্তার আলী জামায়াতের পক্ষে পঞ্চম বিজয়টি ছিনিয়ে আনেন। অন্যদিকে, যশোর-৩ (সদর) আসনে বিএনপির তরুণ নেতা অনিন্দ্য ইসলাম অমিত ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

যশোর অঞ্চলে জামায়াতের এই অভূতপূর্ব জয়কে রাজনৈতিক বিশ্লেষকরা দলটির দীর্ঘদিনের সুসংগঠিত সাংগঠনিক তৎপরতা ও মাঠ পর্যায়ের সক্রিয়তার ফল হিসেবে দেখছেন। পুরো জেলায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এখন চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশের প্রস্তুতি চলছে।


এম.এম/সকালবেলা

মন্তব্য করুন