ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৬৩ হাজার ৪৯৩ ভোট বেশি পেয়ে তিনি এই বিজয় নিশ্চিত করেন।
ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাকের প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামীর ব্যারিস্টার নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা নুরুল ইসলাম (হাতপাখা) এবং জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন মোল্লা (লাঙ্গল)। এ ছাড়া হরিণ প্রতীক নিয়ে অন্তরা হুদাসহ মোট ৬ জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে দোহার ও নবাবগঞ্জের ভোটারদের ব্যাপক উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
বিজয় নিশ্চিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় খন্দকার আবু আশফাক দোহার ও নবাবগঞ্জবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "এই বিজয় আমার একার নয়, এটি দোহার-নবাবগঞ্জের সাধারণ মানুষের বিজয়। আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সকলকে নিয়ে একটি বৈষম্যহীন সমাজ গড়তে চাই। সংখ্যালঘু শব্দের বিলুপ্তি ঘটিয়ে আমরা সবাই এ দেশের সমান নাগরিক হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।" তিনি আরও জানান, তাঁর প্রধান লক্ষ্য হবে এলাকা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করে আধুনিক দোহার-নবাবগঞ্জ গড়ে তোলা।
খন্দকার আবু আশফাক এর আগে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর অনুষ্ঠিত এই প্রথম সাধারণ নির্বাচনে তাঁর এই বিশাল জয় এলাকায় তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তা এবং বিএনপির শক্তিশালী সাংগঠনিক ভিত্তিরই প্রতিফলন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ