মৌলভীবাজারে ধানের শীষের সুনামি: ৪ আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়

মৌলভীবাজারে ধানের শীষের সুনামি: ৪ আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়

তিমির বণিক, মৌলভীবাজার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের রাজনৈতিক মানচিত্রে বইছে পরিবর্তনের প্রবল হাওয়া। জেলার ৪টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে আওয়ামী লীগের দীর্ঘদিনের আধিপত্য গুঁড়িয়ে দিয়েছেন। বৃহস্পতিবার দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে জেলার প্রতিটি আসনেই ধানের শীষের প্রার্থীরা প্রতিপক্ষকে বড় ব্যবধানে পরাজিত করেছেন।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপির নাসির উদ্দিন আহমেদ মিঠু ৯৮ হাজার ২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনেও ধানের শীষের জয়জয়কার দেখা গেছে, যেখানে বিএনপি প্রার্থী শওকতুল ইসলাম শকু বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছেন। মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান ১ লাখ ৫৪ হাজার ৫৪৫ ভোট পেয়ে বিশাল জয় পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত আব্দুল মান্নান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৪ হাজার ৩৬২ ভোট।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে চমকপ্রদ জয় পেয়েছেন বিএনপি প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। তিনি ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের শেখ নূরে আলম হামিদী (রিকশা প্রতীক) পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট। জেলার ৫৫৪টি ভোটকেন্দ্রে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

একই দিনে অনুষ্ঠিত গণভোটেও জেলার ভোটাররা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তাঁদের জোরালো রায় দিয়েছেন। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানিয়েছেন, সবার সহযোগিতায় একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে। জয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মৌলভীবাজারজুড়ে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে, তবে কেন্দ্রীয় নির্দেশনা মেনে কোনো ধরনের বিজয় মিছিল বা উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন নেতাকর্মীরা।


এম.এম/সকালবেলা

মন্তব্য করুন