৬ প্রার্থীর জয়ের কথা জানালো এনসিপি

৬ প্রার্থীর জয়ের কথা জানালো এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারা দেশে তাদের ৬ জন প্রার্থীর বিজয় নিশ্চিত করেছে। বৃহস্পতিবার রাতে ফলাফল আসার পর দলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পৃথক পোস্টের মাধ্যমে নবনির্বাচিত এই ছয় সংসদ সদস্যকে অভিনন্দন জানানো হয়। এনসিপি থেকে বিজয়ী প্রার্থীরা হলেন ঢাকা-১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর-৪ আসনে সদস্য সচিব আখতার হোসেন, কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী-৬ আসনে যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, কুড়িগ্রাম-২ আসনে যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মুজাহিদ এবং নারায়ণগঞ্জ-৪ আসনে যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন।

নির্বাচনে এমন সাফল্যের মধ্যেও ফল ‘টেম্পারিং’ বা জালিয়াতির গুরুতর অভিযোগ তুলেছে দলটি। রাত ২টা ২০ মিনিটে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই অভিযোগ করেন। তিনি দাবি করেন, বিভিন্ন আসনে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা চলছে। আসিফ মাহমুদের ভাষ্যমতে, কিছু আসনে বিএনপির প্রার্থীরা হেরে যাচ্ছিলেন এবং ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা জয়ের পথে ছিলেন, ঠিক তখনই ফলাফল নিয়ে অসংলগ্নতা শুরু হয়। তিনি স্পষ্ট জানান যে, জনরায়ের বিপরীতে কোনো ধরনের কারচুপি করার চেষ্টা করা হলে তা গ্রহণযোগ্য হবে না।

এবারের নির্বাচনে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী এই তরুণ নেতাদের সংসদে পদার্পণকে দেশের রাজনীতিতে একটি বড় বাঁকবদল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে ঢাকা ও রংপুরের মতো গুরুত্বপূর্ণ আসনে তাদের বিজয় জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। তবে ফলাফল নিয়ে এনসিপির এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেটিই দেখার বিষয়।


এম.এম/সকালবেলা

মন্তব্য করুন