ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি): পাহাড়ের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এনে রাঙামাটি-২৯৯ আসনে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ঘোষিত চূড়ান্ত ফলাফলে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৬৮ হাজার ৮৪৮ ভোট বেশি পেয়ে এই ‘ভূমিধ্বস’ জয় নিশ্চিত করেন।
রাঙামাটি জেলার ২১৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে এডভোকেট দীপেন দেওয়ান পেয়েছেন মোট ১,৯৯,৮৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পহেল চাকমা ফুটবল প্রতীকে পেয়েছেন ৩০,৯৯২ ভোট। এছাড়া রিকশা প্রতীকে মুহাম্মদ আবু বকর সিদ্দিক ২১,৫১৩ ভোট, হাতপাখা প্রতীকে মো. জসিম উদ্দীন ৩,২৫৬ ভোট এবং লাঙ্গল প্রতীকে অশোক তালুকদার ২,৮৭৩ ভোট পেয়েছেন। নির্বাচনে মোট ২,২৬,৪০৫টি ভোট কাস্ট হয়েছে, যার মধ্যে বাতিল হয়েছে ৪৮,৭০৭টি ভোট।
বিশেষ করে বাঘাইছড়ি উপজেলার ৩৯টি কেন্দ্রেও দীপেন দেওয়ানের একক আধিপত্য লক্ষ্য করা গেছে। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, এই উপজেলায় তিনি পেয়েছেন ৩৪,৯৯২ ভোট। দুর্গম সাজেক থেকে শুরু করে মারিশ্যা ও বঙ্গলতলী—সবখানেই ভোটারদের দীর্ঘ সারি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। পাহাড়ি ও বাঙালি ভোটারদের সম্মিলিত সমর্থনই দীপেন দেওয়ানের এই বিশাল জয়ের প্রধান কারিগর বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভোটের দিন সকাল থেকেই বাঘাইছড়িসহ পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত জোরদার। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির টহল দল মাঠে সক্রিয় থাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে এ আসনে ভিন্ন চিত্র দেখা গেছে; যেখানে ১,৪০,৬২৯ জন ভোটার ‘না’ ভোট দিয়েছেন এবং ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৭,০১২টি। ফলাফল ঘোষণার পর পুরো রাঙামাটি জেলাজুড়ে বিএনপির নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ