ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এস এম সাহান, ফরিদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম বাবুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে ঘোষিত ফলাফলে দেখা যায়, তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫২,৯০৭ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন।
নির্বাচনী ফলাফল অনুযায়ী, শহীদুল ইসলাম বাবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন মোট ১,২৬,৫৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সরোয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৩,৬২৩ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী এ.এ.এম মুজাহিদ বেগ ফুটবল প্রতীকে ৫৫,৮০৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল বলেন, “এই বিজয় ফরিদপুর-৪ আসনের সর্বস্তরের নির্যাতিত ও শান্তিকামী মানুষের বিজয়। দীর্ঘ দেড় দশক পর মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। আমি এলাকার শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে ফরিদপুর-৪-কে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।”
ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত এই আসনে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। ফলাফল ঘোষণার পর পুরো এলাকায় ধানের শীষের সমর্থকদের মধ্যে বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস দেখা যায় এবং বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ