ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপি নেতা মির্জা আব্বাসের কাছে মাত্র ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে হেরে গেলেও আলোচনার কেন্দ্রবিন্দু থেকে সরছেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। বরং পরাজয়ের পরপরই সোশ্যাল মিডিয়ায় নতুন এক গুঞ্জন ডালপালা মেলছে—ঢাকার ‘গডফাদার কালচার’ উপড়ে ফেলতে এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ফেসবুক ও এক্স-এ (সাবেক টুইটার) তাঁর সমর্থকরা দাবি করছেন, ঢাকা-৮ আসনের নির্বাচনী লড়াইয়ে তিনি যে সাহসী ভূমিকা রেখেছেন, তা কোনো সাধারণ প্রার্থীর পক্ষে সম্ভব ছিল না। বিশেষ করে মির্জা আব্বাসের মতো হেভিওয়েট প্রার্থীর সামনে দাঁড়িয়ে তাঁর ‘সাম্রাজ্য তছনছ’ করার যে হুঙ্কার তিনি দিয়েছিলেন, তা দক্ষিণ ঢাকার সাধারণ মানুষের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
নেটিজেনদের মতে, সংসদের উচ্চকক্ষে (আপার হাউজ) তাত্ত্বিক আলোচনার চেয়ে সিটি মেয়রের প্রশাসনিক ক্ষমতায় থেকে মাঠ পর্যায়ে শুদ্ধি অভিযান চালানোই তাঁর জন্য সবচেয়ে উপযুক্ত প্ল্যাটফর্ম হবে।
সোশ্যাল মিডিয়ায় জনৈক সমর্থক লিখেছেন, "নাসীরুদ্দীন পাটওয়ারীকে শুধু বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। ঢাকার দক্ষিণাঞ্চলকে গ্যাংস্টার আর চাঁদাবাজমুক্ত করতে তাকে সরাসরি নগরপিতার আসনে বসাতে হবে।" আরেকটি ভাইরাল পোস্টে বলা হয়েছে, "সংসদে না পারলেও মেয়র হিসেবে তিনি ঠিকই আব্বাস-ইশরাক-নয়নদের সিন্ডিকেট ভেঙে চুরমার করতে পারবেন।"
যদিও নাসীরুদ্দীন পাটওয়ারী বা তাঁর দল এনসিপি থেকে এখনো আনুষ্ঠানিকভাবে মেয়র পদে প্রার্থিতার ঘোষণা আসেনি, তবে তাঁর সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য ও তৎপরতা এই জল্পনাকে আরও জোরালো করছে। তিনি বারবার বলছেন, তাঁর মিশন কেবল সংসদ সদস্য হওয়া নয়, বরং ঢাকার রাজনৈতিক শুদ্ধিকরণ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণ ভোটারদের যে বড় একটি অংশ এবার তাঁর পক্ষে দাঁড়িয়েছিল, তাদের ধরে রাখতে আসন্ন সিটি নির্বাচনে তিনি বড় চমক হয়ে আসতে পারেন।
এখন দেখার বিষয়, সংসদের লড়াইয়ে ‘থামিয়ে দেওয়া’ এই নেতা মেয়রের দৌড়ে নেমে ঢাকার রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারেন কি না।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ