পোস্টাল ব্যালটে জিতে গেলেন জামায়াতে ইসলামীর

পোস্টাল ব্যালটে জিতে গেলেন জামায়াতে ইসলামীর

জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক রুদ্ধশ্বাস লড়াইয়ের সাক্ষী হলেন ভোটাররা। সাধারণ কেন্দ্রের ভোটে পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তে পোস্টাল ব্যালটের জোয়ারে জয় ছিনিয়ে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উল্লাপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ১৪৭টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, বিএনপির প্রার্থী এম আকবর আলী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। অন্যদিকে, জামায়াতের রফিকুল ইসলাম খাঁন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছিলেন ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। সাধারণ কেন্দ্রের ভোটে এম আকবর আলী ৭৬৫ ভোটে এগিয়ে থাকলেও চূড়ান্ত ফয়সালা হয় পোস্টাল ব্যালটে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই আসনে মোট ৩ হাজার ২১টি বৈধ পোস্টাল ব্যালট জমা পড়েছিল। এর মধ্যে মাওলানা রফিকুল ইসলাম খাঁন একাই পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট, আর এম আকবর আলী পেয়েছেন ৮২০ ভোট।

চূড়ান্ত হিসাবে রফিকুল ইসলাম খাঁনের মোট প্রাপ্ত ভোট দাঁড়ায় ১ লাখ ৬১ হাজার ৮৭২। অন্যদিকে এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। ফলে মাত্র ৫৯৪ ভোটের ব্যবধানে মাওলানা রফিকুল ইসলাম খাঁন বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন।

সিরাজগঞ্জের এই আসনে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে এমন হাড্ডাহাড্ডি লড়াই জেলাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। ফলাফল ঘোষণার পর জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে উল্লাস দেখা গেলেও বিএনপির সমর্থকদের মধ্যে কিছুটা বিষণ্ণতা বিরাজ করছে। তবে প্রশাসন জানিয়েছে, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় পোস্টাল ব্যালট গণনা সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন