জামালপুরে বিএনপির ক্লিন সুইপ: ৫ আসনেই ধানের শীষের বড় জয়

জামালপুরে বিএনপির ক্লিন সুইপ: ৫ আসনেই ধানের শীষের বড় জয়

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার গভীর রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত চূড়ান্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, প্রতিটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) প্রার্থীদের বড় ব্যবধানে পরাজিত করেছেন। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে ভোট গণনার শুরু থেকেই বিএনপির প্রার্থীরা একচেটিয়া আধিপত্য বজায় রাখেন।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৭২ হাজার ১১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৩ হাজার ৬৬১ ভোট। জামালপুর-২ (ইসলামপুর) আসনে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবু ৯৫ হাজার ৮৬০ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে জামায়াতের মো. ছামিউল হক পেয়েছেন ৬২ হাজার ৪৩৪ ভোট। জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন। তাঁর বিপরীতে জামায়াতের প্রার্থী মো. মুজিবুর রহমান আজাদী পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট।

অন্যদিকে, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মো. ফরিদুল কবীর তালুকদার ১ লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ আব্দুল আওয়াল পেয়েছেন ৪৪ হাজার ৯৪৭ ভোট। জেলার গুরুত্বপূর্ণ আসন জামালপুর-৫ (সদর)-এ ধানের শীষ প্রতীকের মো. ওয়ারেছ আলী মামুন ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে জামায়াতের মুহাম্মদ আব্দুস সাত্তার পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ১ ভোট। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে এমন ফলাফলে জেলাজুড়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিলেও কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বিজয় মিছিল থেকে বিরত থেকে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিজয় উদযাপন করছেন তাঁরা।

মন্তব্য করুন