ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ ও ফেনী-২ আসনে ১১ দলীয় জামায়াত জোট সমর্থিত আমার বাংলাদেশ (এবি) পার্টির দুই শীর্ষ নেতাকে হারিয়ে বড় জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা। বরিশাল-৩ আসনে জয়ী হয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং ফেনী-২ আসনে বিজয়ী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন।
এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ৭৮ হাজার ১৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির সাধারণ সম্পাদক ও ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ঈগল প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট। জয়নুল আবেদীন প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে ফুয়াদকে পরাজিত করেন। গতকাল দিবাগত রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা ১২৬টি কেন্দ্রের এই ফলাফল ঘোষণা করেন।
ফেনী সদর আসনেও বিএনপির দাপট বজায় ছিল। এখানে ধানের শীষ প্রতীকে অধ্যাপক জয়নাল আবেদিন ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ঈগল প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৫৮ ভোট। জয়নাল আবেদিন প্রায় ৫১ হাজার ১৫২ ভোটের ব্যবধানে জয় লাভ করেন। রাত ২টার দিকে ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক এই ফলাফল নিশ্চিত করেন। এই আসনে ভোট পড়ার হার ছিল ৫১.৮৭ শতাংশ।
ফেনী-২ আসনে পরাজয়ের পর মজিবুর রহমান মঞ্জু নবনির্বাচিত সংসদ সদস্য জয়নাল আবেদিনকে শুভেচ্ছা জানিয়েছেন। জবাবে জয়নাল আবেদিনও সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ফেনী গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বরিশাল ও ফেনী—উভয় আসনেই এবার নতুন প্রযুক্তিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভোট দেওয়ার সুযোগ ছিল, যা নির্বাচনী আমেজে নতুন মাত্রা যোগ করেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ