ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি (চট্টগ্রাম): হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের আগে ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় গিয়ে তিনি হেফাজত আমিরের সঙ্গে এই সাক্ষাৎ করেন। এ সময় দুই নেতার মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দ্বীন, দেশ ও এলাকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলাপ-আলোচনা হয়।
সাক্ষাৎকালে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীরের বিজয়ে সন্তোষ প্রকাশ করেন এবং তার হাতে নিজ ভোটকেন্দ্রের ফলাফলের একটি কপি তুলে দেন। তিনি সরওয়ার আলমগীরের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করে বিশেষ দোয়া করেন। উপস্থিত সকলের উদ্দেশ্যে হেফাজত আমির বলেন, “জনগণের আস্থা ও ভোটে নির্বাচিত হওয়া একটি পবিত্র আমানত। এই আমানতের যথাযথ সুরক্ষা দিয়ে দ্বীন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহ তায়ালা অবশ্যই সহায় হবেন।” তিনি সরওয়ার আলমগীরকে ন্যায়ের পথে থেকে এলাকার উন্নয়নে মনোনিবেশ করার পরামর্শ দেন।
হেফাজত আমিরের দোয়া নিয়ে সরওয়ার আলমগীর ফটিকছড়ির ঐতিহ্যবাহী মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত করতে যান। সেখানে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর তিনি নানুপুর ওবাইদিয়া মাদরাসায় গিয়ে মহাপরিচালক মাওলানা সালাউদ্দিন নানুপুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মাওলানা সালাউদ্দিন নানুপুরী তাকে অভিনন্দন জানিয়ে বলেন, ফটিকছড়ির মানুষ এক পরিবর্তনের আশায় আপনাকে ভোট দিয়েছে, আপনি যেন সেই আস্থার প্রতিফলন ঘটিয়ে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করেন।
শীর্ষ আলেমদের দোয়া গ্রহণ শেষে বিএনপি নেতা সরওয়ার আলমগীর বলেন, “আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হুজুরসহ দেশের বরেণ্য আলেমদের দোয়া ও পরামর্শ আমার আগামীর পথচলার বড় প্রেরণা। আমি ফটিকছড়ির সর্বস্তরের মানুষের প্রতিনিধি হিসেবে দলমত নির্বিশেষে সবার কল্যাণে কাজ করতে চাই।” এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, মাদরাসার শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ