ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে পূর্ণ সহযোগিতা করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক, গণতন্ত্রের স্বার্থে এনসিপি রাষ্ট্র পরিচালনায় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ নির্বাচনের স্বচ্ছতা ও ফলাফল ঘোষণা প্রক্রিয়া নিয়ে কিছু সুনির্দিষ্ট অভিযোগ ও উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি বলেন, বেশ কিছু আসনে কেন্দ্র পর্যায়ে ভোট গণনা শেষ হলেও চূড়ান্ত ফলাফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব লক্ষ্য করা গেছে, যা মাঠ পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত এবং স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি। এছাড়া, কয়েকটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্টদের আপত্তির মুখে ভোট পুনরায় গণনা করার তথ্যও তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, যেসব আসনে অসংগতি বা ফল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে, সেগুলোর চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া আবশ্যক। বিশেষ করে যেসব আসনে জয়-পরাজয়ের ব্যবধান সামান্য, সেখানে কেন্দ্রভিত্তিক ফলাফল ও রিটার্নিং কর্মকর্তার ঘোষণার মধ্যে কোনো অসংগতি থাকলে তা নিরসনে প্রয়োজনে ভোট পুনরায় গণনা করতে হবে। জনমনে আস্থা বজায় রাখতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে নির্বাচন কমিশনকে সব ধরনের বিভ্রান্তি দূর করে স্পষ্ট অবস্থান নেওয়ার তাগিদ দেন এনসিপির এই শীর্ষ নেতা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ