ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আরিফ হাজরা, কোটালীপাড়া: গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "আমি কেবল বড় মিছিলে হাত নেড়ে ভোট চাইনি, বরং প্রান্তিক মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। মানুষ আমাকে তাদের আপন ভাই ও ঘরের মানুষ হিসেবে গ্রহণ করে নিয়েছে।"
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিনের এই নির্বাচনী আসনে এবার নতুন এক ইতিহাস রচিত হয়েছে। বেসরকারি ফলাফল অনুযায়ী, এস এম জিলানী ধানের শীষ প্রতীকে ৬০ হাজার ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট।
রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি আহ্বান জানিয়ে এস এম জিলানী বলেন, "আপনারা ইতিবাচক রাজনীতি করে মানুষের কাছে যান। মানুষ যদি আপনাদের গ্রহণ করে, তবে আমরাও আপনাদের স্বাগত জানাব।" তিনি আরও উল্লেখ করেন যে, অনেক রক্তচক্ষু উপেক্ষা করে সাধারণ মানুষ তাঁকে ভোট দিয়ে যে সম্মান দিয়েছে, তিনি তাঁর যথাযথ মর্যাদা রক্ষা করবেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করবেন।
এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে তিনি বলেন, "এই এলাকায় আগে উন্নয়ন হয়েছে, আমি সেই ধারা অব্যাহত রাখতে চাই। তবে এখানে পরিকল্পিত কর্মমুখী উন্নয়ন কখনোই হয়নি। আমি কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মাদক নির্মূল, শিক্ষা, স্বাস্থ্য ও নারী উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে শান্তি ও সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তুলব।"
| আজকের তারিখঃ বঙ্গাব্দ