ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, শিবচর (মাদারীপুর): জাতীয় সংসদের অধিবেশনে জুলাই বিপ্লবের অন্যতম আইকন ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মাদারীপুরের শিবচরে অবস্থিত হাজী শরীয়তউল্লাহ (রহ.)-এর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাহাদুরপুর ময়দানে জুমা নামাজের আগে সমবেত হাজারো মুসল্লির উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, “শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি জাতীয় সংসদের অধিবেশনে এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কথা বলব। আমার বিরুদ্ধে বললেও আমি পিছু হটব না; যতদিন হাদি হত্যার বিচার না হয়, ততদিন আমি সোচ্চার থাকব।” বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন যে, শিবচরকে সন্ত্রাস ও অন্যায়-অবিচারমুক্ত করাই হবে তার মূল লক্ষ্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ থেকে গরিব ও অসহায় মানুষের ওপর কোনো ধরনের অত্যাচার বরদাশত করা হবে না। শিবচরের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর।
এলাকায় চলমান চাঁদাবাজি ও মাদক সমস্যা নিয়েও কড়া বার্তা দেন সাইদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি বলেন, “চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা অতিষ্ঠ। আগামীতে শিবচরের মাটিতে আর কোনো চাঁদাবাজি চলতে দেওয়া হবে না।” মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে তিনি আরও বলেন, তিনি এমন এক শিবচর গড়তে চান যেখানে মানুষ ন্যায়বিচার পাবে। তার ভাষায়, “হযরত উমর (রা.)-এর সেই সোনালী যুগের আদর্শ পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব না হলেও, অন্তত তার কিছু অংশ শিবচরের মানুষ দেখতে পাবে বলে আমি বিশ্বাস করি।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে ‘রিকশা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সাইদ উদ্দিন আহমাদ হানজালা পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট। মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে এই রুদ্ধশ্বাস জয় পান তিনি। বিজয়ী হওয়ার পর শুকরিয়া স্বরূপ আজ বাহাদুরপুর ময়দানে এই বিশাল জুমা নামাজের জামাতের আয়োজন করা হয়, যেখানে সর্বস্তরের মানুষ অংশ নেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ