ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সাধারণ মানুষের ভালোবাসা ও আন্তরিকতায় আপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় রাজধানীর গুলশানে তার বাসভবনের সামনে অপেক্ষমাণ বিপুলসংখ্যক মানুষের সঙ্গে তিনি সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত জনতা তাকে নতুন বাংলাদেশের রূপকার হিসেবে স্লোগান দিয়ে অভিবাদন জানান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজে যাওয়ার পথে তারেক রহমানের বাসভবনের সামনে প্রিয় নেতাকে একনজর দেখতে শত শত মানুষ জড়ো হন। সাধারণ মানুষের উপস্থিতি দেখে তিনি নিজ থেকেই গাড়ি থামিয়ে দরজা খুলে বেরিয়ে আসেন এবং সেখানে উপস্থিত অনেকের সঙ্গে কথা বলেন। জনতার মধ্য থেকে বেশ কয়েকজন তাকে জানান যে, তারা একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে তার নেতৃত্বের সঙ্গে থাকতে চান। তারেক রহমান অত্যন্ত মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং হাত নেড়ে উপস্থিত জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।”
বাসভবনের সামনে শুভেচ্ছা বিনিময় শেষে তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে গিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। প্রায় দুই দশক পর এই নির্বাচনের মধ্য দিয়ে দলটি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই হচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে উভয় আসনেই বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন।
এন.ডি/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ