দিনাজপুরে বিএনপির নিরঙ্কুশ জয়: ৫ আসনে জয়ী ধানের শীষ, ১টিতে স্বতন্ত্র

দিনাজপুরে বিএনপির নিরঙ্কুশ জয়: ৫ আসনে জয়ী ধানের শীষ, ১টিতে স্বতন্ত্র


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলার ১৩টি উপজেলা নিয়ে গঠিত ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। জেলার একমাত্র ব্যতিক্রমী ফলাফল এসেছে দিনাজপুর-৫ আসনে, যেখানে বিএনপির বিদ্রোহী ও সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

আসনভিত্তিক ফলাফল একনজরে:

দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল): বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মনজুরুল ইসলাম ১ লাখ ৭৯ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৮১ ভোট।

দিনাজপুর-২ (বিরল ও বোচাগঞ্জ): এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাদিক রিয়াজ ১ লাখ ৩৯ হাজার ৬২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আফজালুল আনাম পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৮৮৭ ভোট।

দিনাজপুর-৩ (সদর): সদর আসনে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪০ হাজার ৬০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাইনুল আলম পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৩৯ ভোট।

দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর): এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আখতারুজ্জামান মিয়া ১ লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আফতাব উদ্দিন মোল্লা পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৬ ভোট।

দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী): এই আসনে চমক দেখিয়েছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক। তালা প্রতীকে তিনি ১ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকে ডা. আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৫ ভোট। বিএনপির দলীয় প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান ৯৮ হাজার ৫৪৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

দিনাজপুর-৬ (হাকিমপুর, ঘোড়াঘাট, বিরামপুর ও নবাবগঞ্জ): দিনাজপুরের বৃহত্তম এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ধানের শীষ প্রতীকে ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট।

দিনাজপুরের ৬টি আসনেই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দীর্ঘ সময় পর ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিপুল ভোট কাস্টিং এই নির্বাচনের অন্যতম বৈশিষ্ট্য ছিল বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস।


এম.এম/সকালবেলা

মন্তব্য করুন