ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফেনী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর কেন্দ্রের নির্দেশনা মেনে কোনো ধরনের বিজয় মিছিল বা উৎসব না করে ফেনীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনুর উদ্যোগে ছাগলনাইয়া কেন্দ্রীয় জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফেনী-১ আসনটি ঐতিহ্যগতভাবেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত। তাঁর মৃত্যুর পর এই প্রথম নির্বাচনে ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনু ১,১৯,৯০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এস এম কামাল উদ্দিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৫,৬১৫ ভোট।
দোয়া ও মোনাজাত শেষে রফিকুল আলম মজনু বলেন, "ফেনী-১ আসনের জনগণ গণতন্ত্রের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করে এই আসনটি বেগম খালেদা জিয়ার আমানত হিসেবে রক্ষা করেছেন। আমি আজ বিজয়ী হয়ে প্রথমেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।" তিনি আরও যোগ করেন যে, নেত্রীর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে বিএনপির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বি.এ-সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন। ফেনীর অন্য দুটি আসনেও (ফেনী-২ ও ফেনী-৩) বিএনপির বিজয়ীদের পক্ষ থেকে একইভাবে মোনাজাতের আয়োজন করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ