ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ মকবুলার রহমান, ডোমার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে পরাজিত হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (খেজুরগাছ প্রতীক) প্রার্থী ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। তবে পরাজয়ের গ্লানি ভুলে বিজয়ী প্রার্থীর প্রতি সম্মান এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, এই আসনে ১ লাখ ৫০ হাজার ৮২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুস সাত্তার (দাঁড়িপাল্লা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৫৯ ভোট।
ফলাফল ঘোষণার পর মাওলানা আফেন্দী তাঁর ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় লিখেছেন:
"হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বীসহ দল-মত নির্বিশেষে ডোমার-ডিমলার যারা আমাকে আপন করে নিয়েছেন, তাদের প্রতি আমার চিরকৃতজ্ঞতা রইল। সমর্থকদের এই আন্তরিকতা ও বিশ্বাস আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন।"
তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনী ফলাফল যাই হোক না কেন, তিনি সবসময় এই জনপদের মানুষের সুখে-দুখে পাশে ছিলেন এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাশে থাকবেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটাররা তাঁর এই ইতিবাচক মনোভাবকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাওলানা আফেন্দীর এই বার্তা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
উল্লেখ্য, নীলফামারীর এই আসনসহ জেলার ৪টি আসনেই এবার জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়লাভ করেছেন। ডোমার ও ডিমলা উপজেলার ১৫৪টি কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে প্রশাসন নিশ্চিত করেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ