ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নড়াইল সংবাদদাতা: নড়াইল সদর উপজেলার তুলারামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশের বিল থেকে শরীফুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহত শরীফুল ইসলাম যশোর সদর উপজেলার জগমোহনপুর গ্রামের মৃত ইন্তাজ আলী তরফদারের ছেলে। তাঁর মরদেহের পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়, যা থেকে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় বাসিন্দারা রেল ব্রিজের নিচে বিলের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এসময় মরদেহের পাশে জ্যাকেট, গামছা, এনআইডি কার্ড এবং নগদ ৪ হাজার ২০০ টাকা পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের শরীরে আপাতদৃষ্টিতে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই এটি স্বাভাবিক মৃত্যু না কি অন্য কিছু, তা নিশ্চিত হওয়া যাবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ