ব্রাহ্মণবাড়িয়া-৫ হাড্ডাহাড্ডি লড়াইয়ে অ্যাডভোকেট এম এ মান্নানের জয়

ব্রাহ্মণবাড়িয়া-৫ হাড্ডাহাড্ডি লড়াইয়ে অ্যাডভোকেট এম এ মান্নানের জয়

সামজাদ জসি, নবীনগর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ঘোষিত ফলাফল অনুযায়ী, তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে জয় নিশ্চিত করেন।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, অ্যাডভোকেট এম এ মান্নান পেয়েছেন ৮৪,৭৬১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস ফুটবল প্রতীকে পেয়েছেন ৮৩,৯৯৫ ভোট। মাত্র ৭৬৬ ভোটের ব্যবধানে এম এ মান্নান এই গুরুত্বপূর্ণ আসনে বিজয়ী হলেন। এছাড়া লড়াইয়ে থাকা অন্যান্য প্রার্থীদের মধ্যে খেলাফত মজলিসের আমজাদ হোসেন (রিকশা প্রতীক) পেয়েছেন ৫৭,৭৪৯ ভোট।

নির্বাচনী পরিবেশ ছিল উৎসবমুখর। সকাল থেকেই নবীনগরের ১৫৪টি কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বিজয় নিশ্চিত হওয়ার পর অ্যাডভোকেট এম এ মান্নান এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, "এই বিজয় আমার নয়, নবীনগরের আপামর জনতার। দীর্ঘ সময় পর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে।" তিনি নবীনগরের অবকাঠামোগত উন্নয়ন এবং জনসেবায় নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দেন। এদিকে প্রিয় নেতার বিজয়ে নবীনগরের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করেছেন ধানের শীষের সমর্থকরা।


এম.এম/সকালবেলা

মন্তব্য করুন