ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. ইয়াছিন রুবেল, নোয়াখালী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার ৬টি সংসদীয় আসনের নির্বাচনী ফলাফলে বড় ধরনের সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জেলার ৫টি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন। অন্যদিকে, দ্বীপ উপজেলা হাতিয়া তথা নোয়াখালী-৬ আসনে চমক দেখিয়ে বিজয়ী হয়েছেন ১১-দলীয় জোটের শরিক দল ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী বিজয়ীদের বিবরণ নিচে দেওয়া হলো:
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন ১ লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ছাইফ উল্যাহ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৮ হাজার ৩৬ ভোট। নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির প্রবীণ নেতা জয়নুল আবদিন ফারুক ৮৩ হাজার ৯৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির সুলতান মুহাম্মদ জাকারিয়া শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৫৪ ভোট।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির বরকত উল্লাহ বুলু ১ লাখ ৪১ হাজার ৩১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের বোরহান উদ্দিন পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৪১ ভোট। নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপির মো. শাহজাহান ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট পেয়ে বিশাল জয় নিশ্চিত করেছেন, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ইসহাক খন্দকার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট। এ ছাড়া নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির মোহাম্মদ ফখরুল ইসলাম ১ লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ বেলায়েত হোসেন পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৫৩ ভোট।
ব্যতিক্রমী ফলাফল দেখা গেছে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে। এখানে এনসিপি মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকে ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নোয়াখালীর সবকটি আসনে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং ভোটারদের উপস্থিতিও ছিল সন্তোষজনক।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ