বগুড়ায় তারেক রহমানসহ সব আসনেই বিএনপির বিশাল জয়

বগুড়ায় তারেক রহমানসহ সব আসনেই বিএনপির বিশাল জয়

ওয়াফিক শিপলু, বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম দুর্গ হিসেবে পরিচিত বগুড়ায় ধানের শীষের জয়জয়কার হয়েছে। জেলার সাতটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এসব বেসরকারি ফলাফল ঘোষণা করেন। প্রতিটি আসনে বিএনপি প্রার্থীরা তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিশাল ব্যবধানে পরাজিত করে জয়ের মালা পরেছেন।

বগুড়া-৬ (সদর) আসনে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই রেকর্ড গড়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। এ আসনে গণভোটে ২ লাখ ১৫ হাজার ৫৭৯ জন ভোটার ‘হ্যাঁ’ এবং ৮০ হাজার ২০৩ জন ‘না’ ভোট দিয়েছেন।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম ১ লাখ ৬৯ হাজার ৮৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৫৬ হাজার ৯৩৩ ভোট। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপির আব্দুল মহিত তালুকদার ১ লাখ ২৭ thousand ৪০৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নূর মোহাম্মদ পান ১ লাখ ১১ হাজার ২৬ ভোট। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির মোশারফ হোসেন ১ লাখ ৫৫ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে জামায়াত প্রার্থী মোস্তফা ফয়সাল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৭৮ ভোট।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির জিএম সিরাজ ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের দবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট। সবশেষে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির মোর্শেদ মিলটন ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, সবকটি আসনের ফলাফল ঘোষণার সময় পোস্টাল ব্যালটের ভোটও অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরো জেলায় নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


এম.এম/সকালবেলা

মন্তব্য করুন