ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. সেলিম রেজা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে রাতে কেন্দ্রভিত্তিক গণনা অনুযায়ী ধানের শীষের এই প্রার্থীর জয় নিশ্চিত হয়। দীর্ঘ সময় পর এই আসনে বিএনপির জয়ের মধ্য দিয়ে কাজিপুর ও সিরাজগঞ্জের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে সেলিম রেজা পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৩২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা শাহীনুর আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৩২ ভোট। এতে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৮ হাজার ৪০০ ভোট। সিরাজগঞ্জ-১ আসনের ১৬৫টি ভোটকেন্দ্রের সবকটি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই বেসরকারি ফলাফল নিশ্চিত করা হয়েছে।
এবারের নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে মোট ভোটার ছিলেন প্রায় ৩ লাখ ৮৫ হাজার। এর মধ্যে ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনী এলাকা কাজিপুরে ভোটের পরিবেশ ছিল অত্যন্ত শান্তিপূর্ণ। প্রশাসনের কঠোর নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকার কারণে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
সেলিম রেজার এই বিজয়ের খবরে কাজিপুর ও সিরাজগঞ্জ সদর এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে সেলিম রেজা এলাকার যমুনা নদীর ভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকরী ভূমিকা পালন করবেন। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত গেজেট প্রকাশের প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ