ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: দীর্ঘ ৫৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন মুন্সিগঞ্জের গজারিয়ার কৃতী সন্তান ও বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। এর আগে সর্বশেষ ১৯৭৩ সালে এই আসন থেকে গজারিয়ার কোনো সন্তান হিসেবে কেএম শামছুল হুদা এমপি নির্বাচিত হয়েছিলেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ (গজারিয়া-সদর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান রতন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট। ৩৫ হাজার ৭৫৫ ভোটের বিশাল ব্যবধানে এই জয় নিশ্চিত হয়েছে।
ভোটের সমীকরণ ও গজারিয়ার প্রভাব: ভৌগোলিক কারণে জেলা সদর থেকে বিচ্ছিন্ন গজারিয়া উপজেলার ভোটাররা এবার দল-মত নির্বিশেষে তাদের ‘মাটির সন্তান’ কামরুজ্জামান রতনকে জেতাতে ঐক্যবদ্ধ ছিলেন। গজারিয়া অংশে ধানের শীষ ৪৬ হাজার ৮৬৬ ভোট পেলেও স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন পেয়েছেন ২০ হাজার ৪৯২ ভোট। ফলে শুধু গজারিয়া অংশেই রতন ২৬ হাজার ৩৭০ ভোটের লিড পেয়েছেন, যা তার সামগ্রিক জয়ে বড় ভূমিকা রেখেছে।
জনপদজুড়ে আনন্দের জোয়ার: বিজয় নিশ্চিত হওয়ার পর থেকেই গজারিয়া উপজেলাজুড়ে শুরু হয়েছে উৎসব। সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ প্রকাশ করছেন এবং মুন্সিগঞ্জ সদরের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। দীর্ঘ ১৭ বছর পর স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে ভোটারদের মাঝে আলাদা তৃপ্তি দেখা গেছে।
ফলাফলের বিস্তারিত: বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এ আসনে মোট প্রদত্ত ভোট ২ লাখ ৮২ হাজার ৪৬৯টি, যার মধ্যে বাতিল হয়েছে ৬ হাজার ৪১৮ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৫৫.৪৪ শতাংশ।
বিজয়ী কামরুজ্জামান রতন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "এই বিজয় গজারিয়া ও সদরবাসীর ভালোবাসার জয়। দীর্ঘদিনের অবহেলিত গজারিয়াকে এখন একটি উন্নত ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।"
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ