ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে ১১-দলীয় জোটের জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার মোট ১৫৫টি কেন্দ্রের ফলাফল গণনা শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, অধ্যক্ষ আব্দুল আলীম ১ লাখ ১৪ হাজার ৪০৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বাবু সোমনাথ দে পেয়েছেন ৯৭ হাজার ৫৭৬ ভোট। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক (হাতপাখা) ৫ হাজার ৮০০ ভোট পেয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীকে ৭৮৬ ভোট এবং হরিণ প্রতীকে ১৪৬ ভোট পড়েছে।
সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত গণভোটে এই আসনে ‘হ্যাঁ’ ভোটের আধিপত্য দেখা গেছে। প্রাপ্ত তথ্যমতে, ৯৯ হাজার ৩৪৫ জন ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন এবং ৫৩ হাজার ৮৫৫ জন ভোটার ‘না’ ভোট প্রদান করেছেন। দীর্ঘ সময় পর উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক সন্তুষ্টি দেখা গেছে। বিজয়ী অধ্যক্ষ আব্দুল আলীম তাঁর প্রতিক্রিয়ায় মোরেলগঞ্জ ও শরণখোলার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার করেছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ