ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুর জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে সবকটিরই ফলাফল পাওয়া গেছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন ভাওয়াল সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অধিকাংশ আসনের ফলাফল ঘোষণা করেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলার ৫টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি এবং ১টিতে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন।
গাজীপুর-১ (কালিয়াকৈর-সিটির একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমান ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন।
গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। দেশের সর্বোচ্চ ভোটার সংখ্যার এই আসনে ধানের শীষ প্রতীকের এই প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়ে চমক সৃষ্টি করেছেন।
গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা এহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট।
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সালাউদ্দিন আইউবী। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭৭৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট।
গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে জয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এ কে এম ফজলুল হক মিলন। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ৩৩ হাজার ৮৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. খায়রুল হাসান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ১২৩ ভোট।
গাজীপুরের ৫টি আসনের এই ফলাফলে দেখা যাচ্ছে বিএনপি ৪টি আসনে জয় পেয়ে জেলায় নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে, আর কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামী জয়লাভ করেছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, পুরো জেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং এখন গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ