সিরাজগঞ্জে ৫টি আসনে বিএনপি ও ১টিতে জামায়াতের জয়

সিরাজগঞ্জে ৫টি আসনে বিএনপি ও ১টিতে জামায়াতের জয়

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার নির্বাচনী লড়াইয়ে বড় ধরনের সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জেলার মোট ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন। অন্য একটি আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে বেসরকারিভাবে এই ফলাফল নিশ্চিত করা হয়েছে।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনে বিএনপির সেলিম রেজা ১ লাখ ১৫ হাজার ১৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত মাওলানা শাহীনুর আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৩২ ভোট। সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ১ লাখ ৭৭ হাজার ৬৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত মুহাম্মদ জাহিদুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ২২৫ ভোট।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির ভিপি আয়নুল হক। তিনি ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়েছেন, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের আব্দুর রউফ (রিকশা প্রতীক) পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০২ ভোট। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ১ লাখ ২৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপির ডক্টর এম এ মুহিত ১ লাখ ৭২ হাজার ১১৪ ভোট পেয়ে বিশাল জয় পেয়েছেন।

অন্যদিকে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম খান। তিনি ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। মাত্র ৫৯৪ ভোটের ব্যবধানে এই আসনে জামায়াত প্রার্থী জয়ী হওয়ায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করলেও সার্বিকভাবে ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। জেলার এই নির্বাচনী ফলাফল সিরাজগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির শক্তিশালী অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।


এম.এম/সকালবেলা

মন্তব্য করুন