ইন্দোনেশিয়ায় ট্রেনের সংঘর্ষ: নিহত ১৪, আহত ৫০

ইন্দোনেশিয়ায় ট্রেনের সংঘর্ষ: নিহত ১৪, আহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রাজধানী জাকার্তার নিকটবর্তী শহর বেকাসির একটি রেলওয়ে স্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বেকাসি রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় দুটি ট্রেনের মধ্যে এই সংঘাত ঘটে। এতে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ট্রেনে ২৪০ জন যাত্রী ছিলেন যারা অলৌকিকভাবে নিরাপদ রয়েছেন। তবে দুর্ঘটনার শিকার দ্বিতীয় ট্রেনটির বগিগুলো দুমড়ে-মুচড়ে যাওয়ায় অনেক যাত্রী ভেতরে আটকা পড়েন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা দীর্ঘক্ষণ কাজ চালিয়ে যাচ্ছেন।

রেলওয়ে বিভাগ জানিয়েছে, কীভাবে একই লাইনে দুটি ট্রেন চলে এলো তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ চাপা পড়ে আছে কি না তা তল্লাশি করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারী কর্মকর্তারা।

সূত্র: জিও নিউজ। 

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন