বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত নিহত

বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত নিহত

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে নিজ দলের সদস্যের ছোড়া গুলিতে এক ডাকাত নিহত হয়েছেন। 

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের লঘাটি গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লঘাটি গ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে তার আত্মীয় গিয়াস উদ্দিন সপরিবারে বসবাস করেন। গভীর রাতে ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাতদল রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। দরজা ভাঙার শব্দ পেয়ে পরিবারের সদস্যরা জেগে ওঠেন এবং চিৎকার শুরু করেন। এ সময় গিয়াস উদ্দিন ভেতর থেকে শক্ত করে দরজার গ্রিল ধরে রাখেন।

পরিবারের চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে ডাকাতরা আতঙ্কিত হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ডাকাতদলের এক সদস্য গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা তাদেরই দলের অন্য এক সদস্যের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই ওই ডাকাতের মৃত্যু হয়। এ সময় সহকর্মীকে মৃত অবস্থায় ফেলেই বাকি ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ডাকাতের দেহ উদ্ধার করে। পুলিশ সেটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন