ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের সাথে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপার রংপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “পুলিশের কার্যক্রমকে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত কাজই সফলতার মূল চাবিকাঠি।” তিনি আরও অঙ্গীকার করেন যে, রংপুর জেলাকে মাদক ও জুয়ামুক্ত করে একটি নিরাপদ জনপদে রূপান্তর করা হবে।
গণমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে পুলিশ সুপার সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন। সভায় সাংবাদিকরা তাদের পেশাগত চ্যালেঞ্জ এবং জেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে এসব পরামর্শ শোনেন এবং ভবিষ্যতে সাংবাদিকদের সাথে সুসমন্বয় বজায় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিগণ।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ