১৬ বছর বিনা পারিশ্রমিকে আজান, আবেগঘন পরিবেশে মুয়াজ্জিনকে বিদায়
বিশেষ প্রতিনিধি: দীর্ঘ ১৬ বছর ধরে কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই নিয়মিত আজান দিয়ে মসজিদে খেদমত করে আসা মুয়াজ্জিন সৈয়দ আলীকে আনুষ্ঠানিকভাবে বিদ সংবর্ধনা জানিয়েছে মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় মুসল্লিরা। বার্ধক্যজনিত কারণে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ায় এই আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে তাঁর প্রতি সম্মান ও শ্রদ্ধার নিদর্শনস্বরূপ শারীরিকভাবে সুস্থ থাকা সাপেক্ষে তাঁকে আজীবন এই মসজিদেই আজান দেওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজ শেষে ঝালকাঠি পৌর শহরের পূর্ব চাঁদকাটি বাইতুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে এই উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মসজিদের ইমাম, পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার শত শত মুসল্লি উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের পরিচিত ও প্রিয় এই মুয়াজ্জিনকে বিদায় জানাতে গিয়ে অনেকের চোখেই আনন্দের ও শ্রদ্ধার জল নেমে আসে। পরে মসজিদ কমিটি ও মুসল্লিদের পক্ষ থেকে তাঁকে বিভিন্ন সম্মানসূচক উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। বক্তারা তাঁর এই নিঃস্বার্থ সেবাকে অনন্য এক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব জানান, সৈয়দ আলী ২০১১ সালে এলজিইডি অধিদপ্তর থেকে অবসরে যাওয়ার পর থেকেই এই মসজিদে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ ১৬ বছর তিনি অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন। বার্ধক্যজনিত কারণে তিনি অব্যাহতি চাইলে তাঁর প্রতি সম্মান জানিয়ে কমিটি এই বিদায় সংবর্ধনার আয়োজন করে। এ ছাড়া তাঁর দীর্ঘ অবদানের কথা স্মরণ করে তাঁকে আজীবন আজান চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফারুক মিয়া, মিয়া বাড়ির দারুল কায়েম মাদ্রাসার সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, মসজিদের জমিদাতা ও কমিটির উপদেষ্টা মো. চান মিয়া, সাবেক উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মসজিদের সাবেক সভাপতি মো. সোবহান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা মুন্সী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দুনিয়াবি কোনো প্রাপ্তির আশা না করে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য দীর্ঘ সময় ধরে এভাবে মসজিদের সেবা করা অত্যন্ত বিরল। তাঁর এই অবদান এলাকাবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে মুয়াজ্জিন সৈয়দ আলীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এআইএল/সকালবেলা