বিমানবন্দর সড়কে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ণ
বিমানবন্দর সড়কে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বিশেষ প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর সড়কে একটি অজ্ঞাত দ্রুতগামী যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই রাজমিস্ত্রি নিহত হয়েছেন। 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা ১ নম্বর সেক্টর এলাকায় স্কলাস্টিকা স্কুলের সামনে বিআরটি লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মোবারক হোসেন রাজু (২৪) ও মো. ফরিদুল ইসলাম সরদার (৪০)। পেশায় রাজমিস্ত্রি এই দুই যুবকের মধ্যে রাজুর বাড়ি গাজীপুর সদর এলাকায় এবং ফরিদুলের বাড়ি গাইবান্ধা সদর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উত্তরা ১ নম্বর সেক্টরের স্কলাস্টিকা স্কুলের সামনের বিআরটি লেনে একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অপর আরোহীকে দ্রুত উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়; সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাইয়ুম জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘাতক গাড়িটিকে শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/সকালবেলা